ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে ভাই-বোন ও স্বামী-স্ত্রীর প্রার্থিতাসহ মোট ২৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ত্রুটি ও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) নির্ধারিত সময় অনুযায়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আসমা শাহীন প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এই তথ্য দেন।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, নাটোরের চারটি সংসদীয় আসনে মোট ৩৫টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ২৮টি বৈধ ও সাতটি বাতিল ঘোষণা করা হয়।
নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসন
এই আসনে মোট ১৩টি মনোনয়নপত্র দাখিল হয়। এর মধ্যে ১০টি বৈধ ও তিনটি বাতিল করা হয়। বৈধ প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যভ ভাই-বোনের প্রার্থিতা। স্বতন্ত্র প্রার্থী ভাই মোহাম্মদ ইয়াসির আরশাদ এবং বিএনপির প্রার্থী ফারজানা শারমীনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
নাটোর-১ আসনে অন্য যোগ্য প্রার্থীরা হলেন: স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু, এ এস এম জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, এবি পার্টির এ এস এম মোকাররেবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহিল বাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আনছার আলী, জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ এবং গণঅধিকার পরিষদের মেহেদী হাসান।
কাগজপত্রে ত্রুটির কারণে খেলাফত মজলিসের আজাবুল হক, গণসংহতি আন্দোলনের সেন্টু আলী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরচালক দলের বাবু হোসেনের মনোনয়ন বাতিল করা হয়।
নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসন
এ আসনে আটটি মনোনয়নপত্র দাখিল হয়। যাচাই শেষে ছয়টি বৈধ ও দুটি বাতিল ঘোষণা করা হয়।
এই আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তার স্ত্রী স্বতন্ত্র প্রার্থী সাবিনা ইয়াসমিন, তাদের দুজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
নাটোর-২ আসনে অন্য যোগ্য প্রার্থীরা হলেন: জামায়াতে ইসলামীর ইউনুস আলী, জাতীয় পার্টির রকিব উদ্দিন কমল, গণসংহতি আন্দোলনের তাহামিদা ইসলাম তানিয়া ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী সিদ্দিকী।
এক শতাংশ ভোটারের স্বাক্ষর শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ড. নূরন্নবী মৃধা এবং কাগজপত্রে ত্রুটির কারণে এনসিপির জি এ এ মুবিনের মনোনয়ন বাতিল করা হয়।
নাটোর-৩ (সিংড়া) আসন
এই আসনে ৯টি মনোনয়নপত্র দাখিল হয়। এর মধ্যে সাতটি বৈধ ও দুটি বাতিল করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন: বিএনপির আনোয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাইদুর রহমান, ইসলামী আন্দোলনের খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ, এনসিপির এস এম জার্জিস কাদির, জাতীয় পার্টির আশীক ইকবাল ও খেলাফত মজলিসের টিংকু সরদার।
স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন ও ফাতেমা খানমের মনোনয়ন বাতিল করা হয়।
নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসন
এই আসনে দাখিলকৃত পাঁচটি মনোনয়নপত্রের সবকটিই বৈধ ঘোষণা করা হয়েছে।
বৈধ প্রার্থীরা হলেন: বিএনপির আব্দুল আজিজ, জামায়াতে ইসলামীর আব্দুল হাকিম, জাতীয় পার্টির এম. ইউসুফ আহমেদ, এবি পার্টির মোকছেদুল মোমিন এবং ইসলামী আন্দোলনের মো. এমদাদুল্লাহ।
সবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপে আপিল ও প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
Sangbad365 Admin 










