জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬
নন্দিত সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
আজ শনিবার কানাডায় বাংলাদেশ সময় দুপুর আড়াইটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর গণমাধ্যমে জানিয়েছেন বাংলাদেশ বেতারের সুরকার ও সংগীত পরিচালক রুমন হায়াৎ।
মো. শাহনেওয়াজ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। রুমন হায়াৎ বলেন, “দুঃসংবাদটি আমাকে জানিয়েছেন তার ছেলে মহিউদ্দিন নেওয়াজ স্বাধীন। এমন সংবাদ জেনে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তার মতো একজন্য বরেণ্য সংগীত পরিচালক ও সুরকারকে হারিয়ে দেশের সংগীতাঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হলো। আমি তার আত্মার শান্তি কামনা করছি।”
মো. শাহনেওয়াজ সত্তর দশকের শুরুতে বিটিভিতে স্টাফ আর্টিস্ট হিসেবে যোগ দেন। ১৯৭৭ সাল থেকে তিনি বাংলাদেশ টেলিভিশনে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। বিভিন্ন মাধ্যমে তার সুরারোপিত গানের সংখ্যা দুই হাজারেরও বেশি। তার সুর করা গান ‘দুই ভুবনের দুই বাসিন্দা বন্ধু চিরকাল, রেল লাইন বহে সমান্তাল’ ও ‘জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি সব কিছু ভুলে যেন করি লেনদেন’ গান দুটি তাকে সুরকার হিসেবে ব্যাপক পরিচিতি এনে দেয়।
শাহনেওয়াজের সুর করা আরও শ্রোতপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘এক নয়নে হয় না কান্দন দুই নয়নে কাঁদে’, ‘দমে দমে মাটির পুতুল কি করে যে চাই’, ‘তুমি কি সেই তুমি’, ‘আশা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে’ ইত্যাদি। তার সুর করা গানে শাহনাজ রহমাতুল্লাহ, ফেরদৌসী রহমান, রুনা লায়লা, দিলরুবা খান, আব্দুল জব্বার, সুবীর নন্দী, সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, ফাহমিদা নবীসহ দেশের খ্যাতিমান প্রায় সব শিল্পী কণ্ঠ দিয়েছেন।
১৯৯৯ সালে ইউনিসেফ মাতৃভাষা দিবসের উদ্বোধনী সংগীত পরিচালনা করেন শাহনেওয়াজ। বিটিভিতে প্রচারিত নাটক ‘তৃষ্ণা’র সংগীত পরিচালনার জন্য তিনি জার্মানি থেকে বেস্ট টিভি অ্যাওয়ার্ড লাভ করেন। এ ছাড়াও তিনি ১৯৮৮ সালে নাট্যসভা পুরস্কার, ২০০৯ সালে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পুরস্কার, ২০১৩ সালে শহীদ আলতাফ মাহমুদ স্মৃতিপদকসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।
ঢাকা/রাহাত//
Sangbad365 Admin 










