কুড়িগ্রামে যুবকের লাশ উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৭:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২৬ আপডেট: ১৭:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২৬
আবুল কালাম
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আবুল কালাম (২০) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার কক্ষে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, “আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদের খাওয়াতে পারি নাই।”
শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের স্লুইস গেট এলাকায় নিজ বাড়ি থেকে আবুল কালামের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার গোলজার আলীর ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, রাতের কোনো একসময় নিজ ঘরে গলায় ফাঁস দেন আবুল কালাম। সেহরির সময় তার মা তাকে ডাকতে গিয়ে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকেন। পরে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।
আবুল কালামের ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে লেখা রয়েছে, “প্রিয় পরিবার, আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পেয়েছি। কিন্তু, আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও খুশি না, কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদের খাওয়াতে পারি নাই। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আমার জন্য দোয়া করিও। আমিও দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না আসে।”
চিরকুটে বেকারত্বজনিত হতাশার কথা উল্লেখ থাকলেও পরিবারের দাবি, প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন আবুল কালাম।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ ইবনে সিদ্দিক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ঢাকা/বাদশাহ্/রফিক
Sangbad365 Admin 









