ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৩৭, ১৯ মার্চ ২০২৬ আপডেট: ২২:৩৯, ১৯ মার্চ ২০২৬
নিহত মুক্তা আক্তার।
রাজধানীতে ছিনতাইকারীরা ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে পরে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) তুরাগ থানাধীন উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মুক্তা আক্তারের স্বামী লিমন হোসেনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ীতে। তারা দক্ষিণখান হায়দারাবাদে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে অটোরিকশা যোগে মার্কেট থেকে বাসায় ফেরার পথে ছিনতাইকারীরা মুক্তা আক্তারের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এ সময় সে অটোরিকশা থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আহসান উল্লাহ মেডিকেল হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতাল তাকে আহত অবস্থায় নিয়ে আসা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ২টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।
ঢাকা/বুলবুল//
Sangbad365 Admin 







