প্রকাশিত: ১৭:৫৪, ৯ এপ্রিল ২০২৬ আপডেট: ১৭:৫৫, ৯ এপ্রিল ২০২৬
ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি হামলার ফলে সৃষ্ট তেল ও গ্যাস সংকটের কারণে এপ্রিলে তেল থেকে রাশিয়ার রাজস্ব আয় দ্বিগুণ হয়ে ৯ বিলিয়ন ডলারে পৌঁছাবে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ রাশিয়ার জন্য ইরান যুদ্ধ থেকে অপ্রত্যাশিত লাভের প্রথম কয়েকটি সুনির্দিষ্ট প্রমাণের মধ্যে রয়টার্সের এই হিসাব অন্যতম।
রাশিয়ার বিশাল তেল ও গ্যাস শিল্প থেকে প্রধান রাজস্ব আসে উৎপাদনের ওপর ভিত্তি করে। এই শিল্পের এক বছরব্যাপী কর সংস্কার, যা তথাকথিত বৃহত্তর কর কৌশলের অংশ, তার অধীনে ২০২৪ সালের শুরু থেকে অপরিশোধিত তেলের ওপর রপ্তানি শুল্ক বাতিল করা হয়েছে।
প্রাথমিক উৎপাদন তথ্য এবং তেলের দামের ওপর ভিত্তি করে রয়টার্সের হিসাব অনুযায়ী, রাশিয়ার তেল উৎপাদনের ওপর খনিজ উত্তোলন কর মার্চ মাসের ৩২৭ বিলিয়ন রুবল থেকে বেড়ে এপ্রিলে প্রায় ৭০০ বিলিয়ন রুবল (৯ বিলিয়ন ডলার) হবে। গত বছরের এপ্রিলের তুলনায় এই রাজস্ব প্রায় ১০ শতাংশ বেশি।
ঢাকা/শাহেদ
Sangbad365 Admin 










