র্যালি, ম্যারাথন, হেলথ ক্যাম্পসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য শিক্ষক-শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রশাসনের গুরুত্ব দেওয়ার বিষয়টি তুলে ধরেন। শিক্ষার্থীদের মধ্যে ক্রমবর্ধমান মানসিক অস্থিরতা ও আত্মহননের প্রবণতা রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়া এবং জীবনকে ইতিবাচকভাবে গ্রহণ করার পরামর্শ দেন তিনি।
উপাচার্য বলেন, “সুস্থ দেহই সুস্থ মনের ভিত্তি। তাই চিকিৎসা খাতে বাণিজ্যিক মানসিকতা পরিহার করে সেবাকে আরো মানবিক ও বিজ্ঞানভিত্তিক করতে হবে।” এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের সীমিত সামর্থ্য দিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
পাশাপাশি দেশের জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা ও সচেতনতা বৃদ্ধিতে জাবির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান উপাচার্য।
এর আগে, সকালে ম্যারাথনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল- ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান, ফ্রি হেলথ ক্যাম্প, বৃক্ষরোপণ, স্বাস্থ্য সচেতনতাবিষয়ক বিতর্ক এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
Sangbad365 Admin 










