প্রকাশিত: ১৭:৫৬, ১১ মে ২০২৬ আপডেট: ১৮:০০, ১১ মে ২০২৬
স্পিনার নোমান আলীর বল সুইপ করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাঠালেন মুমিনুল হক। ৪৯ থেকে মুমিনুলের রান চলে যায় ৫০ রানে। প্রথম ইনিংসের পর মুমিনুলের ব্যাটে দ্বিতীয় ইনিংসেও ফিফটি। ব্যাটটা খানিকটা উচিয়ে ধরে ড্রেসিংরুমে দেখালেন মুমিনুল।
ক্যারিয়ারের ২৭তম ফিফটি তুলে মুমিনুল অনন্য অর্জনে নিজেকে জড়িয়ে নিয়েছেন। বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করেছেন মুমিনুল। সবার আগে এলিট ক্লাবে ঢুকেছিলেন তামিম ইকবাল। এরপর মুশফিকুর রহিম।
সোমবার ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৫০ রানের ইনিংস খেলে মুমিনুল পৌঁছে যান ৫ হাজারের ঘরে। ৪ হাজার ৮৫৯ রান নিয়ে ঢাকা টেস্টে মাঠে নেমেছিলেন মুমিনুল। ৫ হাজার রানের মাইলফলক ছুঁতে ১৪১ রানে পিছিয়ে ছিলেন তিনি।
প্রথম ইনিংসে ৯১ রানের ঝকঝকে ইনিংস খেলেন। সেঞ্চুরির সূবর্ণ সুযোগ থাকলেও হাতছাড়া করেছিলেন। দ্বিতীয় ইনিংসেও জমাট ব্যাটিংয়ে তুলে নেন আরেকটি ফিফটি। এরপর আরও ৬ রান করে আউট হন শাহীন শাহ আফ্রিদির বলে।
মুশফিকুর রহিম ১০১ টেস্টে ৬ হাজার ৫৯৭ রান করেছেন। মুশফিকুর ৫ হাজার রান পেয়েছেন ৮১ টেস্টে ১৪৯ ইনিংসে। তামিম ৬৮ টেস্টে ১৩০ ইনিংসে পৌঁছেছিলেন ৫ হাজারের ঘরে। অবসরে যাওয়া তামিমের রান ৫ হাজার ১৩৪। মুমিনুল ৭৬ টেস্টে ১৪১ ইনিংসে করলেন ৫ হাজার ৬ রান।
ঢাকা/ইয়াসিন/আমিনুল
Sangbad365 Admin 







