প্রকাশিত: ১৮:০৪, ১৩ মে ২০২৬
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ কর্মকর্তাকে ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঘোষিত নগদ লভ্যাংশ ও তালিকাভুক্তি ফি পরিশোধে ব্যর্থ হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।
বিএসইসি জানায়, ফরচুন সুজ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছিল। কোম্পানিটি মোট ১৬ কোটি ২৫ লাখ টাকার নগদ লভ্যাংশের মধ্যে ৩ কোটি ৯৮ লাখ টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে ১৮ লাখ ২৯ হাজার টাকার লিস্টিং ফিও বকেয়া রয়েছে।
এ অবস্থায় কমিশন আদেশ জারির ৩০ দিনের মধ্যে বকেয়া লভ্যাংশ ও লিস্টিং ফি পরিশোধের নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ন করা ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে কোম্পানির কয়েকজন পরিচালক ও কর্মকর্তার বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
যেসব ব্যক্তিদের জরিমানা করা হয়েছে তাদের মধ্যে ফরচুজ সুজের চেয়ারম্যান মো. মিজানুর রহমানকে ৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুই জন পরিচালক মো. আমানুর রহমান ও রবিউল ইসলাম, সাবেক পরিচালক মো. খসরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক রোকসানা রহমান প্রত্যেককে ৫০ লাখ টাকা করে ও প্রধান অর্থ কর্মকর্তা জামিল আহমেদ চৌধুরীকে ১০ লাখ এবং সাবেক কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূইয়া ও বর্তমান কোম্পানি সচিব মো. নাজমুল হোসেন প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭ কোটি ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ কমিশনে জমা দিতে হবে।
ঢাকা/নাজমুল/সাইফ
Sangbad365 Admin 






