প্রকাশিত: ২২:৫৬, ৮ মার্চ ২০২৬
বরিশালের শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক্স অপারেশন থিয়েটারে চিকিৎসা নিতে আসা এক শিশুর গালে থাপ্পড় মারা হয়। এ বিষয়ে অভিযোগের পর অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭ মার্চ ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, অফিস সহায়ক জি এম নাজমুল হাসান শিশুটিকে শারীরিকভাবে নির্যাতন করছেন। শিশুটি এবং তার অভিভাবক এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। শিশু নির্যাতন আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে এম মশিউল মুনীর স্বাক্ষরিত অফিস আদেশে ঘটনা তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে ডা. মো. মাজাহারুল রেজওয়ানকে।
সদস্য করা হয়েছে সিনিয়র স্টাফ অফিসার ডা. মো. শাখাওয়াত হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. হাসান মেহমুদকে।
কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে এবং প্রতিবেদনের মাধ্যমে ফলাফল প্রকাশ করবে।
রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে ৭ মার্চ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঢাকা/এএএম/রাসেল
Sangbad365 Admin 









