পশ্চিমবঙ্গের আলোচিত কয়লা পাচার–সংক্রান্ত দুর্নীতি মামলাকে কেন্দ্র করে তল্লাশির ঘটনায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) বিরুদ্ধে রাজ্য সরকারের করা চারটি এফআইআরের কার্যক্রমে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে আগামী ৩ ফেব্রুয়ারি মামলাগুলোর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
বিচারপতি প্রকাশ চন্দ্র মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত নির্দেশ দিয়েছেন, ওই দিন পর্যন্ত উভয় পক্ষকে অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের অবস্থান জানাতে হবে।
৮ জানুয়ারি ইডি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী পরামর্শক সংস্থা আই-প্যাকের কর্ণধার প্রতীক জৈনের কলকাতার লাউডন স্ট্রিটের বাসভবন এবং আই-প্যাকের সল্টলেক সেক্টর–ফাইভের প্রধান কার্যালয়ে তল্লাশি চালায়। ওই তল্লাশিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার কলকাতার দুটি থানায় ইডির কর্মকর্তাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে। এরপরই ওই এফআইআরগুলোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় ইডি।
Sangbad365 Admin 












