প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের ঘটনা ভেনেজুয়েলার মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করার একটি অপচেষ্টা বলে অভিহিত করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি বলেন, তাঁর দেশ কখনোই কোনো দেশের উপনিবেশ হবে না।
ভেনেজুয়েলার পতাকাকে পেছনে রেখে দেওয়া ওই ভাষণে ডেলসি রদ্রিগেজ সতর্ক করে বলেন, আজ ভেনেজুয়েলার সঙ্গে যা ঘটেছে, বিশ্বের যেকোনো দেশের সঙ্গে তা ঘটতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বেআইনি কর্মকাণ্ড ও শক্তির অপব্যবহার বলে বর্ণনা করেন।
মাদুরোকে আটকের পর উদ্ভূত পরিস্থিতিতে ভেনেজুয়েলার জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘ভেনেজুয়েলার মানুষ ধৈর্যশীল। আমরা শান্তি ও স্থৈর্যের মধ্য দিয়েই আমাদের সামনের পথ খুঁজে নেব।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির সরাসরি বিরোধিতা করে রদ্রিগেজ বলেন, ‘যাঁরা শক্তির ব্যবহার করেছেন এবং বেআইনি পথ বেছে নিয়েছেন, সত্য তাঁদের পক্ষে নেই।’
এর আগে শনিবার ভোরে রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযানে নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, ডেলসি রদ্রিগেজ তাঁদের চাওয়া অনুযায়ী কাজ করতে রাজি হয়েছেন। তবে রদ্রিগেজের এই কঠোর ভাষণ ট্রাম্পের দাবিকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
সূত্র: আল–জাজিরা
Sangbad365 Admin 










