প্রকাশিত: ২২:৪৮, ৫ এপ্রিল ২০২৬ আপডেট: ২২:৫০, ৫ এপ্রিল ২০২৬
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
হাওরাঞ্চলে ফসলের ক্ষতি এড়াতে নিবিড়ভাবে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হাওরাঞ্চলে বোরো ধানের আবাদ, উৎপাদন ও কর্তনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ নির্দেশ দেন তিনি।
কৃষি সচিব রফিকুল ই মোহামেদের সভাপতিত্বে সভায় হাওরাঞ্চলের জেলাগুলোর মাঠ প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
হাওরাঞ্চল ফসলের ভাণ্ডার, এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “হাওরাঞ্চলের ধান যেন নষ্ট না হয়। হাওরাঞ্চলে ধান কাটা নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সময়মতো ধান কাটার নির্দেশনা দিয়ে কৃষিমন্ত্রী বলেন, “ধান কাটার জন্য কম্বাইন্ড হার্ভেস্টার যেন যথাসময়ে পর্যাপ্ত পরিমাণে থাকে। অচল যন্ত্রগুলো দ্রুত সচলের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী অঞ্চল থেকে ভাড়ায় হার্ভেস্টার এনে সময়মতো ধান কাটা সম্পন্ন করতে হবে। ধান কাটার সময় হার্ভেস্টারের প্রয়োজনীয় তেলের সমস্যা হবে না। তেলের সরবরাহ স্বাভাবিক রাখা হবে।”
মন্ত্রী বলেন, “হাওরাঞ্চলে আবহাওয়া পরিস্থিতি নজরে রাখত হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি রাখতে হবে। হার্ভেস্টারের পাশাপাশি কৃষি শ্রমিকের মাধ্যমে ধান কাটার ব্যবস্থা করতে হবে।”
ঢাকা/এএএম/রফিক
Sangbad365 Admin 







