ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পাট ও ইরি-বোরো ধানসহ ফসলি জমিতে সেচ কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে কৃষকের জ্বালানি তেল দিতে এলাকাভিত্তিক চারটি ফিলিং স্টেশন নির্দিষ্ট করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (৫ এপ্রিল) দিবাগত রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত এই পাম্পগুলো থেকে সুশৃঙ্খলভাবে নগরকান্দা পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রামের সেচ পাম্প ও পাওয়ার টিলার মালিক এবং কৃষকরা জ্বালানি সংগ্রহ করতে পারবেন। স্থানীয় প্রশাসনের মতে, এই ব্যবস্থার ফলে কৃষকদের জ্বালানি সংগ্রহে ভোগান্তি ও দীর্ঘ লাইনের ঝামেলা অনেকটা কমে যাবে।
প্রশাসনের বণ্টন পরিকল্পনা অনুযায়ী, উপজেলা সদরের মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করবেন নগরকান্দা পৌরসভা, কোদালিয়া শহীদনগর ও ফুলসুতি ইউনিয়নের কৃষকেরা।
তালমা মোড় সংলগ্ন মেসার্স মজিদ ফিলিং স্টেশন থেকে লস্করদিয়া ও তালমা ইউনিয়নের কৃষকরা তেল পাবেন এবং মহিলা রোড এলাকার মেসার্স তোফাজ্জউদ্দীন ফিলিং স্টেশন থেকে রামনগর ও ডাঙ্গী ইউনিয়নের কৃষকেরা জ্বালানি তেল পাবেন।
এছাড়া উপজেলার জয়বাংলা মোড়ে অবস্থিত মেসার্স মুন্সি ফিলিং স্টেশন থেকে কৃষকদের তেল দেওয়া হবে।
এই ফিলিং স্টেশনগুলো ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ফরিদপুর-জয়বাংলা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত হওয়ায় কৃষকের জন্য জ্বালানি তেল সংগ্রহ করে ফসলি জমিতে নিয়ে যাওয়া সহজসাধ্য হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রতিটি স্টেশনে নির্ধারিত ট্যাগ কর্মকর্তারা পাম্পে তেলের মজুত ও কৃষকদের চাহিদার বিষয়টি নিয়মিত ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন, যেন সেচ কাজে বিঘ্ন না ঘটে।
Sangbad365 Admin 







